শায়েস্তাগঞ্জে বাসে তল্লাশি, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ PM

শায়েস্তাগঞ্জে বাসে তল্লাশি, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৬:১৮:১৬ PM

শায়েস্তাগঞ্জে বাসে তল্লাশি, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ জীবন মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানটি চালানো হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার জীবন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রাতের ওই অভিযানের আগে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার অলিপুর ওয়ালটন প্লাজার সামনে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিদান এক্সপ্রেস পরিবহনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছে।

সংবাদ পাওয়ার পর র‌্যাবের দলটি ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিংয়ের পাশে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকাগামী জিদান এক্সপ্রেসকে সংকেত দিয়ে থামিয়ে গাড়িটির ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে জীবন মিয়া কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর হেফাজতে গাঁজা থাকার কথা জানান। এরপর তাঁর সঙ্গে থাকা সিলভার ও কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার জীবন মিয়াকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর