মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুলসংলগ্ন মৌলভীবাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর হনুমানটিকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় সিএনজি অটোরিকশাচালক অখিল মালাকার। তিনি হনুমানটির মুখে পানি দেওয়ার পাশাপাশি বাঁচানোর চেষ্টা করেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান তিনি।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আহত হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








