সিলেটে হাম-রুবেলার টিকা পাবে সোয়া ৯ লাখ শিশু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ PM

সিলেটে হাম-রুবেলার টিকা পাবে সোয়া ৯ লাখ শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৮:৪৪:৩০ AM

সিলেটে হাম-রুবেলার টিকা পাবে সোয়া ৯ লাখ শিশু


হামের সংক্রমণ রোধে সোমবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন। এদিন সিলেট বিভাগে হাম-রুবেলা (এমআর) টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ২৫ হাজার ১৫০। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জনরা।

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে ৬৮ হাজার ৫৫০ জন শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

এদিকে হবিগঞ্জে ৩ লাখ ২৬ হাজার, সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার এবং মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

বৃহস্পতিবার নগরভবনে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ২০ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও কিংবা হাম বা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও এই বয়সসীমার সব শিশুকে ক্যাম্পেইন চলাকালে ১ ডোজ এমআর টিকা নিতে হবে।

তিনি আরও জানান, টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের (VAXEPI) মাধ্যমে অনলাইন নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা সম্ভব।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপিত টিকাকেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদের বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে। কোনও কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে না পারা শিক্ষার্থীরা নিকটবর্তী যেকোনো টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে।

আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলায় ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। মোট ১ হাজার ৯১৩টি টিকাদান কেন্দ্রে এসব টিকা দেওয়া হবে। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে এ টিকার আওতায় আনা হবে।

২০ এপ্রিল থেকে শুরু হবে এ টিকাদান কর্মসূটি। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রোগটি ছোঁয়াচে, তাই সবাইকে সাবধান থাকার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস।

তিনি জানান- জেলায় এ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছেন ৭ জন। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১৬ জন শিশু। এছাড়াও ঢাকায় পরীক্ষার জন্য সন্দেহভাজন ১০৩ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এ রোগে এখনও পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি। তাদের চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালের একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। আর উপজেলা হাসপাতালগুলোতে এক বা দু’টি কেবিন আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

এদিকে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জেলার ১২ টি উপজেলায় ৩ লাখ ৪৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, সোমবার থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হবে। জেলায় ২ লাখ ১০ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর