এসএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭১
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৬ PM

এসএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৬:৪৩:৩৪ PM

এসএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭১


সিলেট মহানগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১৭১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাই পণ্যও উদ্ধার করা হয়েছে।

সোমবার এসএমপি সূত্রে জানা যায়, মহানগরের বিভিন্ন থানা, তদন্তকেন্দ্র, ফাঁড়ি এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, রোববার ২৪ ঘণ্টায় ১৪০ জন এবং সোমবার সকাল ৮টা পর্যন্ত অতিরিক্ত ৮ ঘণ্টায় আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, চোর, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে ১৫৫ পিস ইয়াবা, ৭৫ বস্তা ভারতীয় জিরা, প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ফেসওয়াশ, ক্লপ-জি ক্রিম, প্র্যাকটিন সিরাপ এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর