‘থানা জ্বালিয়েছি’ মন্তব্যের পর এবার নিজেই আশ্রয় নিলেন থানায়
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪২ AM

‘থানা জ্বালিয়েছি’ মন্তব্যের পর এবার নিজেই আশ্রয় নিলেন থানায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৪:৪৫:৪৬ PM

‘থানা জ্বালিয়েছি’ মন্তব্যের পর এবার নিজেই আশ্রয় নিলেন থানায়


হবিগঞ্জে আলোচিত ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহদী হাসান আবারও আলোচনায় এসেছেন। চলতি বছরের শুরুতে থানায় বসে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া এই নেতা এবার নিজের নিরাপত্তার দাবিতে থানায় আশ্রয় নিয়েছেন।

বুধবার মাহদী হাসান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তার ওপর হামলা করতে ধাওয়া করেছে। লাইভে তাকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। পরে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে হবিগঞ্জ সদর থানার দিকে যান এবং থানা প্রাঙ্গণে প্রবেশ করে পুলিশের কাছে নিরাপত্তা চান।

লাইভে মাহদী অভিযোগ করেন, তিনি ব্যক্তিগত মত প্রকাশের কারণে হামলার শিকার হচ্ছেন এবং আগে থেকেই বিষয়টি প্রশাসনকে জানিয়েছিলেন। তবে ঘটনার সময় নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে তিনি দাবি করেন।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি এক বিতর্কিত ঘটনায় মাহদী হাসান থানার ওসির কক্ষে ঢুকে গিয়ে তীব্র মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারকে ক্ষমতায় এনেছে এবং এক পর্যায়ে বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার বিষয়ে বিতর্কিত বক্তব্য দেন। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সহিংসতার সময় বানিয়াচং থানায় ভয়াবহ হামলা, অস্ত্র লুট এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে, যেখানে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সর্বশেষ ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভিডিওতে নির্দিষ্ট কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে মাহদী হাসান থানায় অবস্থান করছেন। ঘটনাটি নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর