ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৩ PM

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০৫:১৪:২৬ PM

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে ‘ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসী’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল আহমেদ ও তার সহযোগী শাহিন তালুকদার দীর্ঘদিন ধরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি তারা ওই ছাত্রীকে ধর্ষণের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর