১৭ জুন শ্রীমঙ্গল ও রাজনগর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোর প্রস্তুতি
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৪ AM

১৭ জুন শ্রীমঙ্গল ও রাজনগর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোর প্রস্তুতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৫:৩৫:১৯ PM

১৭ জুন শ্রীমঙ্গল ও রাজনগর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোর প্রস্তুতি


আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাজনগর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসবেন। এ উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করছেন। সফরকে সামনে রেখে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রং করা, মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং পরিবেশ উন্নয়নমূলক নানা কার্যক্রম শুরু হয়েছে। এসব কাজ পরিদর্শনে ঢাকাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর ১৭ জুনের শ্রীমঙ্গল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরোনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠানস্থলকে আরও আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন। অনুষ্ঠান সফল করতে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তুতি চলছে।”

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও রাজনগরে প্রশাসনিক ও সাংগঠনিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর