পৃথক অভিযানে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারি গ্রেফতার
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪০ AM

পৃথক অভিযানে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৮:০৭:৩৮ PM

পৃথক অভিযানে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারি গ্রেফতার


মৌলভীবাজারের শেরপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুলপরিমাণ ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।

সোমবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের ভারতীয় চকোলেট ও মেনটোস জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এরপর গতকাল রোববার সকাল ৮টার দিকে শেরপুর চত্বরে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে ঢাকাগামী ‘কাফি ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, জব্দ করা মালামাল ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর