রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল বেটিস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ট্রয় প্যারট।
শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস।
সেভিয়ার এস্তাদিও লা কার্তুজায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।
ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন প্যারট। এরপর ৮১ মিনিটে বেটিসকে এগিয়ে দেন এই আইরিশ ফরোয়ার্ড। নেলসন দেউসার হেড থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলে কাছ থেকে বল জালে পাঠান প্যারট।
পরে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে কার্লোস এসপি দারুণ এক ভলিতে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে ভিএআর। ম্যাচের যোগ করা সময়ে ভিনিসিয়ুসকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক আলভারো ভায়েস।
এই হারে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জোসে মরিনিয়োর দ্বিতীয় মেয়াদের শুরুতে টানা তিন জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল দলটি। অন্যদিকে, বেটিসের হয়ে প্যারটের এটি তৃতীয় ম্যাচে প্রথম গোল।
চলতি গ্রীষ্মে এজেড আলকমার থেকে ১৭.১ মিলিয়ন পাউন্ডে বেটিসে যোগ দেন ২৪ বছর বয়সী প্যারট। ডাচ ক্লাবটির হয়ে ৯৭ ম্যাচে ৫১ গোল করার পর এবার স্প্যানিশ ফুটবলেও নিজের উপস্থিতির জানান দিলেন তিনি।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








