সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে সাখাওয়াত হোসেনের একটি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা প্রায় ৫০ মণ ধান, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বিকেলে সাখাওয়াত হোসেনের বসতঘরে হঠাৎ আগুন দেখতে পান তারা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তা নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে মজুত রাখা ধান, আসবাবপত্র ও মূল্যবান বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে। এতে বসতঘর হারিয়ে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। বসতঘর ছাড়াও ঘরে থাকা ৫০ মণ ধান, আসবাবপত্র ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে গেছে। তাঁর হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।
আগুন কীভাবে লেগেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ বিদ্যুতের শর্টসার্কিট, আবার কেউ চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, রাধানগর গ্রামে আগুন লাগার খবর তারা পেয়েছেন। ঘটনাস্থল থানার কাছ থেকে অনেক দূরে হওয়া এবং এলাকাটি হাওর অঞ্চলে হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








