মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর ‘মনোক্লেড কোবরা’ বা পদ্মগোখরার বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাসা থেকে সাপ গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানার পর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে রাজকান্দি বন বিভাগ এবং বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। পরে সিঁড়ির নিচে তল্লাশি চালিয়ে নিরাপদে পাঁচটি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাপের বাচ্চাগুলো শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া বিষধর সাপের বাচ্চাগুলো শিগগিরই অনুকূল বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








