জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, বর্তমান সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দিনের ভোটে নির্বাচিত হয়েছেন। রাতের ভোট কিংবা প্রশাসনের ভোটে তারা নির্বাচিত হননি। এ কারণে তাদের কথা বলার শক্তিও বেশি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।
জি কে গউস বলেন, আগে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, তাদের গলায় সেই শক্তি ছিল না। তারা বেশি গলাবাজি করলে এসপিরা বলতেন, ‘এত লাফান কেন। পুলিশ আগের রাতেই ভোট দিয়ে দিছে।’ তার ভাষায়, ‘এটাই সত্য।’
বর্তমান সময়ে দায়িত্ব পালন করা কোনো ডিসি-এসপি এমন দাবি করতে পারবেন না যে তারা কাউকে দুইটি ভোটও দিয়েছেন। জি কে গউস বলেন, বাংলাদেশের কোনো অফিসারই এমন কথা বলতে পারবেন না। কারণ এবার যে ভোট গ্রহণ হয়েছে, তা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
তিনি বলেন, ধানের শীষ সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করেছে। তাই জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়েই প্রশাসন ও সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান তিনি।
ছাত্রজীবনে কে কোন রাজনৈতিক দল করেছেন, সেটিকে বিবেচনায় নিয়ে কাজ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের হুইপ। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জি কে গউস পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, এসপির মাধ্যমে ওসিদের জানাতে চান—‘গায়েবি মামলা, ভূতুড়ে মামলা, ঘটনার সাথে সম্পৃক্ত না’ এমন মামলা যেন এখন আর না হয়। বিএনপি যেসব বিষয় মোকাবিলা করেছে, সেগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও তিনি নজর দেওয়ার কথা বলেন।
তবে একই সঙ্গে কোনো আসামি যেন ‘বুক ফুলিয়ে’ চলাফেরা করতে না পারে, সেই বিষয়েও পুলিশকে নজর রাখার আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








