হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন।
নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওরে নিজেদের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাঁদের কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।
পরে একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এতে তাহির মিয়া, শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। স্বজনরা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








