জাতীয় ইনোভেশন ফেয়ারে সিকৃবির ১৪ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ PM

জাতীয় ইনোভেশন ফেয়ারে সিকৃবির ১৪ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৭:১৮:৫৪ PM

জাতীয় ইনোভেশন ফেয়ারে সিকৃবির ১৪ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ ১৪টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় সিকৃবির স্টলে কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিবিষয়ক বিভিন্ন উদ্ভাবন এবং বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শন করা হচ্ছে। এসব উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হচ্ছে।

মেলার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। এসময় তিনি বলেন, " বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ সিকৃবি অংশগ্রহণ করতে পারায় আমরা আনন্দিত ও গর্বিত। গবেষণাকে বাস্তবিক অর্থে প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে মানুষের কল্যাণে পৌঁছে দিতে সিকৃবি কাজ করছে। 'ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যের আলোকে একাডেমিক গবেষণাকে শুধু প্রকাশনায় সীমাবদ্ধ না রেখে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও উদ্ভাবনে সঙ্গে সংযুক্ত করতে আমরা কাজ করছি। গবেষণার ফল যেন সরাসরি কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের উপকারে আসে, সে লক্ষ্যেই কাজ করার আহ্বান জানান তিনি।"

সিকৃবির অংশগ্রহণের ফোকাল পয়েন্ট এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার বলেন, "গবেষকদের উদ্ভাবন শনাক্তকরণ, প্রযুক্তি উন্নয়ন, মেধাস্বত্ব সুরক্ষা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম কাজ করছে। ভবিষ্যতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সিকৃবিকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও কাজ চলছে। আমরা চাই গবেষণার ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগ এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমে মানুষের কল্যাণে কাজে লাগাতে।"

মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা সিকৃবির স্টল পরিদর্শন করেন। এতে সিকৃবির অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

এবারের বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর