হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার আনুমানিক সাড়ে ১০টার দিকে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচং যাওয়ার পথে পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণসহ তিন কিশোর একটি মোটরসাইকেলে করে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শ্রাবণ ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায়।
নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা। সে সুন্দর সরকারের ছোট ছেলে। বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করত শ্রাবণ।
দুর্ঘটনার পর বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির পরিচয় শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








