রান্না নিয়ে বিরোধ, রিয়াদে সিলেটের প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ PM

রান্না নিয়ে বিরোধ, রিয়াদে সিলেটের প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০২:৩৫:০৭ PM

রান্না নিয়ে বিরোধ, রিয়াদে সিলেটের প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা


সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের সঙ্গে রান্না ও ঘুমানো নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিন মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে তাঁর।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, জীবিকার সন্ধানে চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে পাড়ি জমান মতিউর রহমান। রিয়াদের একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন তিনি। সেখানে দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্নার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সোমবার কাজ শেষে বাসায় ফেরার পর ওই বিরোধের জের ধরে আবারও রুমমেটদের সঙ্গে মতিউরের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে তাঁকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর একই কক্ষে থাকা অন্য তিনজন সেখান থেকে পালিয়ে যান।

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, দুই-তিন দিন আগে রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন মতিউর রহমান। তবে ঘটনার দিন থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

পরে একই রুমে থাকা গ্রামের এক ব্যক্তির কাছ থেকে মতিউরের নিহত হওয়ার খবর জানতে পারে পরিবার। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম খোকন।

মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর