সাংবাদিকতাকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র টিকে আছে। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় এবং এ জন্য অনেক সময় তাঁদের চড়া মূল্য দিতে হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে একটি ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। সেই অবস্থার পর দায়িত্ব নিয়ে ব্যবস্থাটিকে সংশোধন করা বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষায়, খালি জায়গায় নতুন একটি দালান নির্মাণ করা তুলনামূলক সহজ হলেও পুরোনো ও ভাঙাচোরা দালানকে নতুন করে গড়ে তোলা অনেক বেশি কঠিন।
বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।’
নিজের রাজনৈতিক পটভূমির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো তিনি উপলব্ধি করেন। মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি জানান, প্রতিটি বিভাগের প্রতি তাঁর দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
আজকের সিলেট/ জেকেএস









