এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ PM

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৮:২৬:৩১ PM

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। রাত ৭টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার কারণ ও কখন এটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

ডিসি মো. ইবনে মিজান বলেন, মরদেহ উদ্ধারের আগে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। তারা পৌঁছানোর পর পুলিশ কক্ষে প্রবেশ করবে।

মরিয়ম খাতুনকে ঘিরে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছিল। গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। এ দাবির কথা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।

এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, সাংগঠনিক তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর বিষয়ে পুলিশ জানিয়েছে, ফরেনসিক দলের পরীক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও সময় সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর