গোয়াইনঘাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, এলজিইডি কার্যালয়ে তালা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM

গোয়াইনঘাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, এলজিইডি কার্যালয়ে তালা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৪:৪১:৪৬ PM

গোয়াইনঘাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, এলজিইডি কার্যালয়ে তালা


সিলেটের গোয়াইনঘাটে পিরিজপুর-সোনারহাট সড়কের বেহাল অংশ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কর্মসূচি শেষে উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদের এলজিইডি কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে। সোমবার সকালে গোয়াইনঘাট সরকারি কলেজ গেইটসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ কর্মসূচি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা প্রতিবাদ ও মানববন্ধনে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান অংশগ্রহণকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিরিজপুর-সোনারহাট সড়কের বিভিন্ন অংশের অবস্থা নাজুক। এতে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যাত্রীদের দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন হলেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বলে জানান তারা।

পরে সাধারণ মানুষ ও জরুরি যাত্রীদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সাময়িকভাবে শেষ করেন আন্দোলনকারীরা। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করেন।

আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাতে ইউএনও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। দ্রুত সড়ক সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এর আগে আন্দোলনকারীরা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের কার্যালয়ে তালা দেন।

আন্দোলনকারীদের দাবি, পিরিজপুর-সোনারহাট সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে সড়ক সংস্কারে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর