শ্রীমঙ্গলে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় যুবক আটক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ PM

শ্রীমঙ্গলে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৩:২৩:১২ PM

শ্রীমঙ্গলে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় যুবক আটক


হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে শ্রীমঙ্গলের একটি চা-বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ৫৫ বিজিবির অধীন শ্রীমঙ্গলের গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে সুশান্তকে আটক করা হয়। এ সময় তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি।

৫৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান নেন। পরে এক দালালের সহযোগিতায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর