অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং আইন অনুযায়ী পণ্যের মোড়ক ব্যবহার না করার অভিযোগে মৌলভীবাজার পৌরসভা বাজারে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানার মধ্যে কিংমত হোটেলের মালিক মাহফুজ আহমেদকে ২ হাজার টাকা, মেসার্স আজহার ট্রেডিংয়ের মালিক আব্দুস সালামকে ৩০ হাজার টাকা এবং তিন বোন রেস্টুরেন্টের মালিক জহুর মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে আদায় করা হয় ৩৪ হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, ভোক্তার জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত করা, প্রতিশ্রুত পরিমাণের তুলনায় কম পণ্য সরবরাহ করা এবং আইন অনুযায়ী পণ্যের মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ।
এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলবে।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








