ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার, সামনে পিটিআইয়ের সমাবেশ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার, সামনে পিটিআইয়ের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৯:২১:২০ AM

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার, সামনে পিটিআইয়ের সমাবেশ


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের এক সপ্তাহ আগে রোববার (২০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

আলিমা খানের গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।

গ্রেপ্তারের বিষয়ে রয়টার্স পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চেয়েছিল। তবে এ বিষয়ে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের জেলা প্রশাসনের এক নোটিশে আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর কথা জানানো হয়েছে। প্রশাসনের ভাষ্য, গোয়েন্দা তথ্য অনুযায়ী কোনো জনসমাগমস্থলে আলিমা খানের উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে সমাবেশের কর্মসূচি নিয়েছে পিটিআই। এর আগে শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছিলেন, ওই বিক্ষোভ ঠেকাতে সরকার সম্ভাব্য সবকিছু করবে।

প্রায় তিন বছর ধরে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান। রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি পরোয়ানার ভিত্তিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করেছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর