সিগারেট, ওষুধ ও ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ AM

সিগারেট, ওষুধ ও ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৯:১১:২৭ AM

সিগারেট, ওষুধ ও ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক


সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ ১১টি উৎপাদন ও সেবা খাতের ব্যবসায়ীদের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত আদেশে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুসারে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত খাতগুলোর ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের আদেশ অনুযায়ী, উৎপাদন খাতের আটটি এবং সেবা খাতের তিনটি ক্ষেত্রে এ বাধ্যবাধকতা কার্যকর হবে।

উৎপাদন খাতের আট পণ্য:

সিগারেট

মোবাইল ফোন

এমএস পণ্য

ওষুধ

পানীয়

সিমেন্ট

টাইলস

রং ও বার্নিশ

সেবা খাতের তিন ক্ষেত্র:

বিমা

ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান

মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত

আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা কিংবা সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলে তার ক্ষেত্রেও অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে।

এ ছাড়া অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা নিয়ে এর আগে জারি করা সব আদেশ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বাতিল বলে গণ্য হবে।

ভবিষ্যতে তালিকায় নতুন কোনো খাত যুক্ত করা অথবা বিদ্যমান খাত বাদ দেওয়ার ক্ষমতাও সংরক্ষণ করেছে এনবিআর। আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এ তালিকায় সংযোজন বা বিয়োজন করা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর