রায়নগরে ট্রিপল মার্ডার: পিবিআইয়ের আবেদনে বাবুলকে ফের দুই দিনের রিমান্ডে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ PM

রায়নগরে ট্রিপল মার্ডার: পিবিআইয়ের আবেদনে বাবুলকে ফের দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৩:৫৬:১৪ PM

রায়নগরে ট্রিপল মার্ডার: পিবিআইয়ের আবেদনে বাবুলকে ফের দুই দিনের রিমান্ডে

ফাইল ছবি


নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলায় আসামি বাবুল মিয়াকে ফের দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করতে এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে পিবিআইয়ের আবেদনের শুনানি শেষে বাবুল মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তের স্বার্থেই বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোরসালিন জানান, বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১২ আগস্ট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’ নামের একটি বাসা থেকে ব্যবসায়ী এম আবদুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

শুরুতে মামলাটির তদন্ত করছিল পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপর হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসে। আসামির বক্তব্য, পুলিশের প্রাথমিক ধারণা এবং নিহতদের পরিবারের অভিযোগের মধ্যেও ভিন্নতা রয়েছে।

পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ডে বাবুল মিয়াকে এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর