সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে প্রেমিক-প্রেমিকা জুটিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২১ সেপ্টেম্বর) দায়ের হওয়া একটি সাইবার মামলার তদন্তে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সজনপুর গ্রামের নগেন্দ্র সরকারের ছেলে পিকলু সরকার (৩০) এবং খাঘাউড়া গ্রামের রমা তালুকদারের মেয়ে তুষ্টি তালুকদার (২৮)।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী নারী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২৫ ও ২৭ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, আসামিদের নামে থাকা ফেসবুক আইডি থেকে ওই নারীর ছবি সংগ্রহ করা হয়েছিল। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবিটি বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করা হয়।
পুলিশের তদন্তে উঠে আসা অভিযোগ অনুযায়ী, সম্পাদিত ছবিটি পিকলু সরকারের সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। শুধু তাই নয়, ওই ছবি ও ভিডিও পরে ভুক্তভোগীর স্বামী এবং পরিবারের সদস্যদের মোবাইল ফোনেও পাঠানো হয়।
ঘটনার পর ভুক্তভোগী আইনগত ব্যবস্থা নিলে মামলাটির তদন্তভার পায় পিবিআই সিলেট। তদন্তের একপর্যায়ে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর দুজনকে আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার সঙ্গে সম্পর্কিত ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে কার কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা নির্ধারণে অন্যান্য তথ্য-প্রমাণও যাচাই করা হচ্ছে।
পিবিআই জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
আজকের সিলেট/ জেকেএস









