সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মহানগরীর সড়কগুলোতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।
এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় পুলিশ ৫৯ পিস ইয়াবা, ৩৯০ গ্রাম গাঁজা এবং ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
অন্যদিকে, মহানগরীর বিভিন্ন সড়কে পৃথক অভিযান চালায় এসএমপির ট্রাফিক বিভাগ। এতে মোট ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৫টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস









