শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হত্যা মামলায় চাচা গ্রেপ্তার
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ PM

শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হত্যা মামলায় চাচা গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৩:৩৪:৩৯ PM

শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হত্যা মামলায় চাচা গ্রেপ্তার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপ্লব পাশী হত্যা মামলায় তাঁর চাচা শাওন পাশীকে (৪৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজারের ভানুগছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার এসআরবির গণমাধ্যম শাখা জানিয়েছে।

গ্রেপ্তার শাওন পাশী শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের বর্দি প্রসাদ পাশীর ছেলে।

এসআরবির তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিপ্লব পাশী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালাগাল ও ভাঙচুর করেন। একপর্যায়ে তিনি তাঁর ভাই বিজয় পাশীকে মারতে গেলে বিজয় তাঁর হাত থেকে কাঠের বর্গা কেড়ে নিয়ে বিপ্লবের মাথায় আঘাত করেন। এতে বিপ্লব মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব পাশীকে মৃত ঘোষণা করেন।

এসআরবি জানায়, পরে ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বিপ্লব পাশীর লাশ তাঁর চাচা শাওন পাশীর প্ররোচনায় পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনায় বিপ্লব পাশীর মা শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং এরই ধারাবাহিকতায় শাওন পাশীকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শাওন পাশীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর