‘শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়’: সিউক চেয়ারম্যান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ PM

‘শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়’: সিউক চেয়ারম্যান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৪:৫৫:০৮ PM

‘শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়’: সিউক চেয়ারম্যান


সিলেটে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের শিক্ষা, নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে। বৃহস্পতিবার কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, “একাদশ শ্রেণিতে পদার্পণ তোমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টিকে শুধু ভালো ফলাফলের জন্য নয়, নিজেদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে আলাদা সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

শিক্ষার বিস্তৃত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে। একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে।”

কয়েস লোদী আরও বলেন, “আমাদের মেয়েরা আজ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, চিকিৎসা, আইন, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আগামী দিনে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক মহীতোষ তালুকদার, সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী অধ্যাপক মো. রেজাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কয়েস লোদী বলেন, “নতুন শিক্ষার্থীদের স্বপ্ন, মেধা ও সম্ভাবনাকে সঠিক দিকনির্দেশনায় এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য—আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ।”

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর