পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে ‘শ্যামা বেকারি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।”
জনস্বার্থ রক্ষা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








