ছাতকে নবীনবরণ ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, গোবিন্দগঞ্জে যানজট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ AM

ছাতকে নবীনবরণ ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, গোবিন্দগঞ্জে যানজট

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:৫৩:২৮ PM

ছাতকে নবীনবরণ ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, গোবিন্দগঞ্জে যানজট


সুনামগঞ্জের ছাতকে কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাগত এইচএসসি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একই সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। মিছিল দুটি একপর্যায়ে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে গড়ায়।

সংঘর্ষের সময় উভয়পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের দিগ্বিদিক ছুটাছুটি করতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে বৃহস্পতিবার পৃথক কর্মসূচি নিয়ে একই এলাকায় অবস্থান করায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সংঘর্ষে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর