হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ সব রুটের গণপরিবহন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৯ PM

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ সব রুটের গণপরিবহন

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১২:০৯:০৬ PM

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, বন্ধ সব রুটের গণপরিবহন


হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে জেলার সব রুটে বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

ধর্মঘট শুরুর পর সকাল থেকে হবিগঞ্জ জেলা থেকে কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার গণপরিবহন ছেড়ে যায়নি। বিভিন্ন বাসস্ট্যান্ডে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের তিনটি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে নিয়ে আটকে রাখা হয়েছে।’

পরিবহন মালিক-শ্রমিক নেতারা জানান, এ ঘটনার প্রতিবাদ এবং পূর্বের সমঝোতা অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই দাবিতে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের ভাষ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলার সব রুটে বাসসহ অন্যান্য গণপরিবহনের চলাচল বন্ধ থাকবে। ফলে ধর্মঘট কতদিন চলবে, তা নির্ভর করছে দাবিগুলো পূরণের ওপর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর