দেশের বাজারে স্বর্ণের দাম কমার পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরির মূল্য দুই লাখ ৩০ হাজার টাকার নিচে নেমেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে কার্যকর হওয়া নতুন দর বুধবারও (১৪ অক্টোবর) বহাল রয়েছে। একই সঙ্গে কমেছে রুপার দামও।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। ওই দিন থেকেই নতুন মূল্যতালিকা কার্যকর হয়।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এর আগের দিন সোমবার একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
অন্যান্য মানের স্বর্ণের দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩৩১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।
উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
আজকের সিলেট/ জেকেএস
অর্থনীতি ডেস্ক 








