উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ AM

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৭:৫৫:১৩ PM

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক


সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানের পুনর্নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধনের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একইসঙ্গে তিনি নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার নগর ভবনের সম্মেলন কক্ষে শ্রী শ্রী শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চালিবন্দর মহাশ্মশানের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি শ্মশানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মহাশ্মশান পরিচালনা ও সংরক্ষণ কমিটির নেতারা সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের সঙ্গে আলোচনা করেই মহাশ্মশানের চলমান উন্নয়নকাজ, উদ্বোধন ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করা হবে। অতীতের মতো ভবিষ্যতেও সিসিকের উন্নয়ন কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

সভায় শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির পক্ষ থেকে পুনর্নির্মাণকাজের অগ্রগতি, উদ্বোধনের প্রস্তুতি এবং মহাশ্মশানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হলে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সিসিক প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদ্‌যাপন সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, কোষাধ্যক্ষ চন্দন দাশ, সমাজসেবক শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য বিম্বজিৎ দেব রায়, সিসিকের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক। জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন এলাকার সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত মতামতও শোনেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হযরত শাহপরাণ (রহ.) মাজারের পুকুরে নির্মাণাধীন ঘাট ও চারপাশের ওয়াকওয়ের কাজ ঘুরে দেখেন সিসিক প্রশাসক।

তিনি বলেন, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী ও ভক্ত সমাগম হয়। তাদের নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে প্রকল্পটি দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করতে হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর