যেভাবে ধরে রাখবেন হেয়ার কালারের উজ্জ্বলতা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ PM

যেভাবে ধরে রাখবেন হেয়ার কালারের উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ১১:০২:৫৮ AM

যেভাবে ধরে রাখবেন হেয়ার কালারের উজ্জ্বলতা


চুলে নতুন রং করানোর পর তার উজ্জ্বলতা ও সৌন্দর্য ধরে রাখতে বাড়তি যত্নের প্রয়োজন হয়। সঠিক পরিচর্যা না করলে অল্প সময়ের মধ্যেই রং ফিকে হয়ে যেতে পারে। এমনকি চুলে হলদে বা তামাটে আভাও দেখা দিতে পারে। তাই হেয়ার কালারের স্থায়িত্ব বাড়াতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, হেয়ার কালার করার আগে চুল ভালোভাবে পরিষ্কার করা জরুরি। চুলে তেল, ধুলাবালি কিংবা স্টাইলিং পণ্যের অবশিষ্টাংশ থাকলে রং সমানভাবে বসতে চায় না। পাশাপাশি চুলের আগা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হলে আগে থেকেই ছেঁটে নেওয়া ভালো। এতে রং তুলনামূলক দীর্ঘ সময় টিকে থাকে।

কালার করার পর অন্তত দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু না করাই ভালো। এ সময়ের মধ্যে চুলের কিউটিকল রংকে স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করে। খুব দ্রুত শ্যাম্পু করলে রং ধুয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

চুল ধোয়ার সময় গরম পানির পরিবর্তে ঠান্ডা বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। সপ্তাহে দুই বা তিনবারের বেশি শ্যাম্পু না করাই ভালো। প্রয়োজনে মাঝের দিনগুলোতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে সালফেট-মুক্ত ও কালার-প্রটেক্ট শ্যাম্পু ব্যবহার করলে রঙের উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় থাকে।

সূর্যের অতিবেগুনি রশ্মি, সুইমিং পুলের ক্লোরিনযুক্ত পানি এবং অতিরিক্ত খনিজসমৃদ্ধ হার্ড ওয়াটারও হেয়ার কালারের ক্ষতি করতে পারে। তাই রোদে বের হলে মাথা ঢেকে রাখা এবং পুলে নামার আগে চুলে পরিষ্কার পানি ও লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করলে ক্ষতির ঝুঁকি কমে।

এ ছাড়া কালার করা চুলে নিয়মিত আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে অন্তত একবার ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করা উচিত। চুলে হলদে বা তামাটে ভাব দেখা দিলে প্রয়োজন অনুযায়ী পার্পল বা ব্লু শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। মাঝে মাঝে হেয়ার গ্লস ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা ও মসৃণতা আরও দীর্ঘ সময় ধরে বজায় থাকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর