লিডিং ইউনিভার্সিটির দুই বাসের সংঘর্ষ, আহত অফিস স্টাফসহ কয়েক শিক্ষার্থী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৫৬ AM

লিডিং ইউনিভার্সিটির দুই বাসের সংঘর্ষ, আহত অফিস স্টাফসহ কয়েক শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৪:৫৪:০৮ PM

লিডিং ইউনিভার্সিটির দুই বাসের সংঘর্ষ, আহত অফিস স্টাফসহ কয়েক শিক্ষার্থী


দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত দুটি বাসের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক অফিস স্টাফসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অফিস স্টাফের অবস্থা গুরুতর হলেও শিক্ষার্থীদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার দুপুর ২টার দিকে কামালবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের অফিস স্টাফ ফাহিম। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া বাসে থাকা কয়েকজন শিক্ষার্থীও আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত দুটি বাসের একটি বাস হয়তো অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। ঘটনার পর আহত স্টাফ ফাহিমকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীদের আঘাত গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সকলেই সুস্থ আছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় এক বাসচালককে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত চালকদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ে এ কর্মকর্তা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর