কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাফি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ PM

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাফি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ১০:৩০:২৩ AM

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাফি


উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা বহনের গৌরব অর্জন করেছেন জাতীয় দলের সাঁতারু সামিউল ইসলাম রাফি। বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের। ১০টি ডিসিপ্লিনে ২১৫টি স্বর্ণপদকের লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশ চারটি ডিসিপ্লিনে ১৫ জন অ্যাথলেট নিয়ে মাঠে নামছে।

উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা বহনের গৌরব অর্জন করেছেন জাতীয় দলের সাঁতারু সামিউল ইসলাম রাফি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, অ্যাথলেটিকস দলের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্লাসগোতে পৌঁছাবেন। ফলে উদ্বোধনী কুচকাওয়াজে বাংলাদেশের পতাকাবাহক হিসেবে নির্বাচিত করা হয়েছে রাফিকে। একই সঙ্গে কিংস ব্যাটন রিলেতেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন জাতীয় দলের আরেক সাঁতারু সোনিয়া আক্তার।

পতাকাবাহক নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সামিউল ইসলাম রাফি বলেন, কমনওয়েলথ গেমসের মতো মর্যাদাপূর্ণ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করা আমার জন্য বিশাল সম্মানের। দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা একজন ক্রীড়াবিদের জন্য গর্বের বিষয়।

আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রাফি। বাংলাদেশের এই সম্ভাবনাময় সাঁতারু মালয়েশিয়া ওপেন সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ক্যারিয়ারসেরা ২৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন। এছাড়া থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদকও অর্জন করেছেন তিনি।

এবারের বাংলাদেশ দলের সবচেয়ে বড় বহর অ্যাথলেটিকসে। পাঁচটি ইভেন্টে অংশ নেবেন পাঁচ অ্যাথলেট। পুরুষদের ১০০ মিটারে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান, নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার, পুরুষদের ৪০০ মিটারে লুশাদ ইসলাম, ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল হোসেন রনি এবং মেয়েদের লং জাম্পে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বপ্না খাতুন।

বক্সিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনজন। নারী ৫১ কেজি ওজন শ্রেণিতে লড়বেন যুক্তরাষ্ট্রপ্রবাসী জিনাত ফেরদৌস। পুরুষদের ৫৫ কেজিতে রাকিব হোসেন এবং ৬০ কেজিতে রুহিন রেজা রিংয়ে নামবেন।

সাঁতারে বাংলাদেশের চার সদস্যের দলে রয়েছেন সামিউল ইসলাম রাফি, কাজল মিয়া, সুকুমার রাজবংশী ও সোনিয়া আক্তার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজ্ঞ রাফি ও সোনিয়ার পারফরম্যান্সের দিকে থাকবে বিশেষ নজর।

শৈল্পিক জিমন্যাস্টিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শিশির আহমেদ, রাজিব চাকমা ও আবু সাঈদ রাফি। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরাই তাদের লক্ষ্য। গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশ মোট ৩৫ সদস্যের প্রতিনিধিদল পাঠিয়েছে। এর মধ্যে রয়েছেন ১৫ জন অ্যাথলেট; বাকিরা কোচ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ।

পদক জয়ের সম্ভাবনা সীমিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য তুলে ধরা, মূল্যবান অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের বড় আসরের প্রস্তুতি নেওয়ার লক্ষ্য নিয়েই গ্লাসগোর মঞ্চে নামছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। দেশের ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের প্রতিনিধিরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর