সিলেটে ইটভাটা মালিকদের আইন মেনে চলার আহ্বান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ AM

সিলেটে ইটভাটা মালিকদের আইন মেনে চলার আহ্বান

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৬:৫৪:৩৮ PM

সিলেটে ইটভাটা মালিকদের আইন মেনে চলার আহ্বান


পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে অনুসরণের বিষয়ে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।

সভায় ইটভাটা মালিকদের অবৈধভাবে ভাটা পরিচালনা থেকে বিরত থাকার পাশাপাশি বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে মোঃ আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ইটভাটা মালিকদের আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অবৈধ কার্যক্রম পরিহার করে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদনের পাশাপাশি পর্যায়ক্রমে ব্লক ইট উৎপাদনের দিকে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য আইনগত শর্ত ও সরকারি নির্দেশনাগুলো তুলে ধরেন। বৈধ লাইসেন্স গ্রহণ, অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার না করা, মানসম্মত কয়লা ব্যবহার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার অবস্থান ও নির্ধারিত দূরত্বসংক্রান্ত বিধানগুলো এতে গুরুত্ব পায়।

এ সময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় পর্যায়ক্রমে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় পর্বে ইটভাটা মালিকরা কয়লার সালফারের মাত্রা, নদীর পলি ও খাল খননের মাটি ব্যবহারের সুযোগ, ইটভাটার দূরত্বসংক্রান্ত শর্ত এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সময় নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব দেন।

সভায় গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০ জন ইটভাটা মালিক অংশ নেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর