সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পক্ষের ১০ জন এবং অপর পক্ষের পাঁচজন রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে হাবিব মিয়া ও সমদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন রোববার (২০ সেপ্টেম্বর) নোয়াখালী বাজারের মৌচাক হোটেলে একটি বিষয় নিয়ে জামলাবাজ গ্রামের রিয়াজ উদ্দিনের ভাগ্নে রেজাউল ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছেলে মারুফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার পরদিন সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হলে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গিয়াস উদ্দিনের পক্ষের জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, ফয়ছল, ইউসুফ, মুক্তার আলী, মারুফ, সজল, তৈয়বুর রহমান ও সালমান আহত হন। অন্যদিকে রিয়াজ উদ্দিনের পক্ষের সাকিল, হীরা, হেলাল, রোমান মাস্টার ও হোসাইন আহত হয়েছেন।
আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, জামলাবাজ গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা সম্পর্কে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








