না খেয়ে বা কম খেয়ে থাকছেন, কী ক্ষতি হচ্ছে?
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪২ PM

না খেয়ে বা কম খেয়ে থাকছেন, কী ক্ষতি হচ্ছে?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৮:৫৪:২৪ AM

না খেয়ে বা কম খেয়ে থাকছেন, কী ক্ষতি হচ্ছে?


ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই সময়মতো খাবার খাওয়ার সুযোগ পান না। সকালের নাশতা বাদ দেওয়া, দীর্ঘ সময় খালি পেটে থাকা কিংবা সারাদিন শুধু চা-কফির ওপর নির্ভর করে কাজ চালিয়ে নেওয়া অনেকেরই দৈনন্দিন অভ্যাস। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অনিয়ম শুধু শরীরের শক্তিই কমায় না, দীর্ঘমেয়াদে হৃদ্‌স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়ায় পরিবর্তন আসে।তখন শক্তির চাহিদা পূরণে শরীর বিকল্প উপায়ে প্রোটিন ও চর্বি ব্যবহার শুরু করে। একইসঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ এবং রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে, যা হৃদ্‌যন্ত্রের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, একবারে অতিরিক্ত খাবার না খেয়ে প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর অল্প পরিমাণে খাবার খাওয়া ভালো। দিনে পাঁচ থেকে ছয়বার পরিমিত ও সুষম খাবার খেলে শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত ক্ষুধার কারণে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাও কমে।

অনেক তরুণ ওজন কমানোর আশায় দীর্ঘ সময় না খেয়ে থাকেন বা প্রয়োজনের তুলনায় কম খাবার খান। চিকিৎসকদের মতে, এই অভ্যাস হৃদ্‌রোগের পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াতে পারে।

এ ছাড়া সারাদিন চা-কফি খেয়ে ক্ষুধা দমন করে পরে একসঙ্গে অতিরিক্ত পরিমাণে ভাজাপোড়া বা ফাস্টফুড খেলে শরীরে প্রদাহ (ইনফ্ল্যামেশন) বাড়তে পারে। এতে ক্যালোরি পোড়ানোর স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং ওজন বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।

যা খাবেন
দিনের শুরুতে মৌসুমি ফল খাওয়া যেতে পারে। সকালের নাশতায় দুধ-কর্নফ্লেক্স, ফলের রস বা দোসার মতো স্বাস্থ্যকর খাবার রাখা ভালো। দুপুরের খাবারে ভাত বা রুটি, ডাল, সবজি এবং দই রাখা যেতে পারে। রাতের খাবারে রুটি, ডাল বা সবজির সঙ্গে পরিমিত পরিমাণে মাছ কিংবা মুরগির মাংস খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কাজের ফাঁকে ক্ষুধা লাগলে বাদাম, সেদ্ধ ছোলা, টকদই, সয়া মিল্ক, প্রোটিন শেক বা বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি ফ্রুট সালাদ খাওয়া স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললে শুধু হৃদ্‌স্বাস্থ্যই নয়, শরীরের সামগ্রিক সুস্থতাও বজায় রাখা সহজ হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর