আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন- ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪১ PM

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন- ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৩:০৫:১৩ PM

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন- ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’


বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে ফিলিস্তিন ইস্যুতে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।

সোমবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি প্রায় চার মিনিট ধরে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন। তার বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের অনেকেই করতালি দেন। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পরও তিনি মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেছিলেন।

হোসাম হাসান বলেন, ‘পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি মানুষ নন। তিনি আরব, ইউরোপীয় বা আমেরিকান যে-ই হোন না কেন।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোথাও কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে সবাই প্রতিবাদ করে। অথচ এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এক দিনে দুই বা তিন হাজার মানুষ নিহত হওয়ার খবর যেন স্বাভাবিক হয়ে গেছে।’

কোচের ভাষায়, ধর্মের পরিচয়ের আগে তিনি একজন মানুষ। তিনি বলেন, “ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই— ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।’

বিশ্বকাপে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের অনুমতি দিয়েছে ফিফা। চলমান সংঘাতকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়েছে এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালসহ কয়েকজন ফুটবলারও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

এদিকে মাঠের লড়াইয়েও আত্মবিশ্বাসী মিশর কোচ। মঙ্গলবার (৭ জুলাই) বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে মিশর।

এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমার স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কোনোভাবেই আন্ডারডগ নই। আমরা সব দিক থেকেই বড় একটি দল। আমরা সাত হাজার বছরেরও বেশি পুরোনো সভ্যতার প্রতিনিধিত্ব করি।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর