সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতা প্রতিরোধে পুলিশের নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের জেলা ও মহানগর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী। কর্মসূচিকে কেন্দ্র করে কমিশনার কার্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষণার পরও সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা সক্রিয় রয়েছেন বলে দাবি করেন তারা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির কর্মকর্তার পরোক্ষ মদদ ও উদাসীনতার কারণেই নিষিদ্ধ ছাত্রলীগ ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।
বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে সিলেটে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, তার মূল হোতারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় পুলিশের এমন নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।’
দুপুর দুইটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা কি দাবিতে কর্মসূচি পালন করছেন সে বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই।” তিনি আরও জানান, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি দল কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন এবং বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আজকের সিলেট/এপি









