নিরাপদ চিকিৎসাসেবায় কঠোর জেলা প্রশাসন, লাইসেন্সহীন হাসপাতাল সিলগালা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩১ PM

নিরাপদ চিকিৎসাসেবায় কঠোর জেলা প্রশাসন, লাইসেন্সহীন হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৫:৫৫:০৩ PM

নিরাপদ চিকিৎসাসেবায় কঠোর জেলা প্রশাসন, লাইসেন্সহীন হাসপাতাল সিলগালা


নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত ডিএমটি সেফওয়ে হাসপাতাল-এ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে জেলা প্রশাসন। বৈধ লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, হাসপাতালটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ কারণে The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর ধারা ৮ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট অধ্যাদেশটির ধারা ১৩ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে বৈধ লাইসেন্স না থাকায় হাসপাতালটি তাৎক্ষণিকভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে কোনো ধরনের চিকিৎসাসেবা বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবৈধ ও লাইসেন্সবিহীন ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর