উদ্ধার করা ৪৪ মোবাইল সেট মালিকদের কাছে ফিরিয়ে দিলো এসএমপি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ PM

উদ্ধার করা ৪৪ মোবাইল সেট মালিকদের কাছে ফিরিয়ে দিলো এসএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৬:২৩:৫৯ PM

উদ্ধার করা ৪৪ মোবাইল সেট মালিকদের কাছে ফিরিয়ে দিলো এসএমপি


সিলেট মহানগর এলাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। জিনিয়া অ্যাপসের সহায়তায় উদ্ধার করা এসব মোবাইল ফোন সেট রোববার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী শেষ কর্মদিবসে উদ্ধার করা মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

প্রকৃত মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করা হয়।

এসএমপির তথ্যমতে, সিলেট মহানগর এলাকার ছয়টি থানা থেকে পাওয়া সর্বমোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা সম্ভব হয়েছে।

মোবাইল ফোন উদ্ধারে পুলিশ কমিশনার গত ২২ ফেব্রুয়ারি টিম গঠন করেন। তারপর থেকে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন ফিরে পাওয়া ব্যবহারকারীরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

এদিকে মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছে এসএমপি। সংশ্লিষ্টরা জানান, ব্যবহৃত মোবাইল ফোন অথবা যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সামান্য অসতর্কতা আইনি জটিলতার কারণ হতে পারে। তাই পুরোনো ইলেক্ট্রনিক ডিভাইস ক্রয়-বিক্রয়ের সময় অবশ্যই বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করা প্রয়োজন। রসিদ বা মেমো সংরক্ষণ করতে হবে। ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে মোবাইল সেটের IMEI নম্বর মিলিয়ে কেনা আবশ্যক।

বিশেষ করে রাস্তাঘাটে বা অপরিচিত ব্যক্তির কাছ অথবা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক থেকে অস্বাভাবিক কম মূল্যে কোনো ডিভাইস কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কেননা, সেগুলো চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর