রাজস্ব ও সার্বিক বাজেটে উদ্বৃত্ত বজায় রেখে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে পৌরসভার সার্বিক উন্নয়নে মোট ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা বাজেট প্রাক্কলন করা হয়। বাজেট প্রস্তাবে শহরের যাতায়াত ও ভৌত কাঠামো মজবুত করতে অবকাঠামোগত উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভা প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট বিবরণী উপস্থাপন করেন দিরাই সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।
ঘোষিত বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, আগামী অর্থবছরের জন্য সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা, যার বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। ফলে এ খাতে উদ্বৃত্ত থাকছে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, উন্নয়ন খাতে সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা। এই খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। রাজস্ব ও উন্নয়ন—উভয় খাতের আয়-ব্যয় হিসাব শেষে বাজেটে মোট সার্বিক উদ্বৃত্ত থাকবে ৭ লাখ ৩০ হাজার ৮১৯ টাকা ৩৭ পয়সা।
বাজেটে নাগরিক সুবিধার কথা চিন্তা করে সিংহভাগ টাকাই রাখা হয়েছে অবকাঠামোগত পরিবর্তনের জন্য। হিসাব অনুযায়ী, কেবল অবকাঠামো নির্মাণ খাতেই সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট অধিবেশন পরবর্তী আলোচনা সভায় বক্তারা পৌরসভার নাগরিক সেবা আরও আধুনিক, সহজ ও গতিশীল করার তাগিদ দেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার সংকট সমাধান, প্রতিদিনের যানজট কমানো এবং টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। দিরাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান। এছাড়াও বাজেট অধিবেশনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








