মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ির আঙিনা থেকে ১৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে ইউপি সদস্য কদর আলীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।
স্থানীয়রা জানান, কদর আলীর বাড়ির আঙিনায় বিশালাকৃতির অজগরটি দেখতে পাওয়ার পর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা অজগরটি উদ্ধার করেন। এ সময় চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকারও সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, ১৮ ফুট লম্বা অজগরটি সুস্থ অবস্থায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন তাদের কাছে হস্তান্তর করেছে।
তিনি জানান, অজগরটিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








