জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাজিলের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইভলিন লিমা দান্তাসকে। তিনি একটি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুটি গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি মায়ে দো রিও শহরে ইভলিনের বাড়িতে ঢুকে পড়ে। পরে তার বাবার সামনে দিয়েই তাকে জোর করে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়।
ফুটপাতে নেওয়ার পর খুব কাছ থেকে ইভলিনের মুখ ও শরীর লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলাকারীরা চলে যাওয়ার সময় বাড়ির বাইরের দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে রিও ডি জেনেরিওর কুখ্যাত অপরাধ চক্র ‘তের্সেইরো কমান্ডো পুরো’-এর নাম লিখে যায়। এই গ্রাফিতির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ইভলিন লিমা দান্তাস সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন। টিকটক ও ইনস্টাগ্রামে তার কয়েক হাজার অনুসারী ছিল। লাইফস্টাইল ও রূপচর্চা নিয়ে কনটেন্ট প্রকাশের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বলে সন্দেহ করত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গত ২৯ জুলাই মায়ে দো রিও শহরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সাবেক পৌর গার্ড কমান্ডার আন্তোনিও আনিলদো আলভেস দা সিলভাকে একটি সুপারমার্কেটের সামনে গুলি করে হত্যা করা হয়। চারজন মুখোশধারী ব্যক্তি ওই হামলা চালিয়েছিল।
ওই হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে ইভলিনকে গ্রেফতার করা হয়। তবে আদালতে প্রমাণের অভাবে গত শনিবার তিনি জামিনে মুক্তি পান। এরপর মাত্র পাঁচ দিনের ব্যবধানেই তাকে হত্যা করা হলো।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের উদ্দেশ্য হিসেবে কোনো আলামত নষ্ট করা বা কোনো অপরাধী চক্রের প্রতিশোধের বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে পাওয়া গ্রাফিতির সঙ্গে হত্যার যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








