গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে আমন ধানের চারা গাছে ব্যাপক হারে মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন জাতের কীটনাশক স্প্রে করে পোকা দমনে ব্যর্থ কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন। কৃষি অফিসের পরামর্শ ছাড়াই কৃষকরা নিজেদের মত করে ধানের চারায় বিভিন্ন জাতের কীটনাশক স্প্রে করছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নওয়াগাঁও গ্রামের প্রায় শতাধিক কৃষকের জমির আমন ধানের চারায় ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে।অধিকাংশ চারা গাছের পাতা মরে হলুদ রং ধারণ করেছে। কোন কোন জমির চারাগাছ প্রায় পাতাশূন্য হয়ে মাটিতে মিশে যাচ্ছে। মাজরা দমনে কৃষকরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো ধরনের সুফল পাচ্ছেন না।
কৃষক শেফুল আহমদ জানান, শুরুতে পোকা দমন করা না গেলে ধানের ফলনে বড় ধরনের প্রভাব পড়বে।
এই ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোকমান আহমদ জানান,ধানের চারার বেড নিচু জায়গা হওয়ায় এবং আর্দ্রতা পূর্ণ আবহাওয়ার কারণে মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন,বাজারে এমিথিন প্লাস বৃত্তাকো সহ বিভিন্ন কোম্পানির কীটনাশক রয়েছে, যা স্প্রে করলে মাজরা পোকার আক্রমণ থেকে ধানের চারা গাছ রক্ষায় সুফল পাওয়া যাবে।
আজকের সিলেট/ডি/এসটি
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে 








