সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া এক বছর ১১ মাস বয়সি আব্দুল্লাহ আল আদিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।
এদিকে বৃহস্পতিবার সকালে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৮৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৬৩৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ছয়জনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
আজকের সিলেট/এপি









