নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার বালাগঞ্জে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন জেলা প্রশাসক।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ ও কায়েস্তঘাট কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন আবদুল্লাহ আল মামুন। সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম, সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধা এবং সেবা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
সেবাপ্রত্যাশীরা যাতে সরকারি সেবা নিতে এসে অপ্রয়োজনীয় হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন জেলা প্রশাসক। নাগরিকসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দিনব্যাপী পরিদর্শনে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ, বালাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদারসহ সংশ্লিষ্টরা।
আজকের সিলেট/ জেকেএস
বালাগঞ্জ প্রতিনিধি 








