সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত কয়েকজনকে ‘কিশোর গ্যাং’-এর সদস্য উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছে সুনামগঞ্জ সদর থানা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, হামলায় জড়িত ব্যক্তিদের অবস্থান বা পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। এ জন্য পুলিশের পক্ষ থেকে ০১৩২০১২০৭৯০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, হামলার ঘটনায় পূর্ব সুলতানপুরের সৈয়দ আলীর ছেলে জুনাব আলী (৫৫), তাঁর ছেলে শ্রাবণ (২১), হাছননগরের মুহিবুর রহমানের ছেলে সায়মন (২০) এবং সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে হিমেলসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রিয়াঙ্গন মার্কেটের সামনে প্রথমে এমদাদুল হক শাহজাহানের ছেলের ওপর হামলা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে শাহজাহানও হামলাকারীদের আক্রমণের শিকার হন।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সুনামগঞ্জ থেকে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে প্রকাশ করা ছবিতে থাকা ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে সদর থানা।
পুলিশ বলছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
সুনামগঞ্জ প্রতিনিধি 








